খাবারের মান নিয়ে ছাত্রলীগ নেতার সঙ্গে বিরোধ: বেগম রোকেয়ার ক্যাফে বন্ধ
ক্যাফে মালিকের দাবি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সহসভাপতি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। সেই নেতা জানিয়েছেন, ছাত্রদের কাছ থেকে অভিযোগ পেয়ে বাসি খাবার পেয়েছেন তারা।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বাসি খাবার বিক্রি ও এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।
খাবারের মান নিয়ে বিরোধের জেরে গত বুধবার থেকে ক্যাফেটেরিয়াটি বন্ধ রয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা পড়েছেন দুর্ভোগে।
ক্যাফের মালিকের অভিযোগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বির ‘যুক্তিসঙ্গত কারণ ছাড়াই’ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাকে থাপড়ানোর হুমকিও দেওয়া হয়েছে।
তবে ছাত্রলীগ নেতা রাব্বি বলেছেন, ছাত্রদের কাছ থেকে বাসি খাবার খাওয়ানোর অভিযোগ শুনে তারা সেখানে নিয়ে এর সত্যতা পেয়েছেন। এরপর ক্যাফে মালিক ‘নাটক’ সাজিয়েছেন।
এই ঘটনায় দুই পক্ষ থেকেই ক্যাফেটেরিয়ার পরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে।
দুই পক্ষের বিরোধে ক্যাফেটেরিয়াটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষক, কর্মকর্তাসহ হাজার হাজার শিক্ষার্থী। খাবারের জন্য এখন তাদেরকে ছুটতে হচ্ছে ক্যাম্পাসের বাইরের বিভিন্ন রেস্তোরাঁয়।
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ক্যাফে মালিকের
গত বুধবার ক্যাফেটেরিয়া ফটকে সেটি বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন এর স্বত্বাধিকারী মুরাদ মাহমুদ।
ক্যাফেটেরিয়ার পরিচালক, ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগে তিনি ছাত্রলীগ নেতা ফজলে রাব্বির বিরুদ্ধে ‘যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই’ প্লেট ছুড়ে ফেলা, টোকেন ছাড়া খাবার নেওয়ার চেষ্টা, স্টাফদের সঙ্গে ‘দুর্ব্যবহারের কথা’ উল্লেখ করেছেন।
অভিযোগে বলা হয়, গত ২৯ অগাস্ট রাত পৌনে ১০টার দিকে ফজলে রাব্বি কয়েকজন সহযোগীসহ ক্যাফেটেরিয়ার রান্নাঘরে ‘জোর করে’ প্রবেশ করেন। তারা ডিপ ফ্রিজে সংগৃহীত খাবারের ছবি ও ভিডিও ধারণ করে কর্মীদের স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এ সময় ক্যাফের মালিক মুরাদ মাহমুদ কথা বলতে গেলে তাকে থাপড়ানোর হুমকি দেন বলেও উল্লেখ করা হয় এতে। বলা হয়, এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে তিনি এবং ক্যাফেটেরিয়ার কর্মীরা ভীতসন্ত্রস্ত।
ক্যাফেটেরিয়া কবে খোলা হবে এ বিষয়ে জানতে চাইলে মুরাদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। এর প্রতিকার হলে ক্যাফেটেরিয়া খোলা হবে।”
বাসি খাবার খাওয়ানোর পাল্টা অভিযোগ
ক্যাফে মালিকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা ফজলে-রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন শিক্ষার্থী আমাকে জানায় ক্যাফেটেরিয়ায় বাসি খাবার পরিবেশন করা হচ্ছে। আমি শিক্ষার্থী হিসেবে বিষয়টি জানতে চাইলে তারা আমার পরিচয় জানতে চায়। এ সময় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ট্রেতে অনেকগুলো বাসি শিঙ্গারা দেখেছি, ফ্রিজেও বাসি খাবার ছিল। তারা বাসি খাবার পরিবেশন করছে, আমরা এটা ধরেছি। এটাই আমাদের অপরাধ।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রলীগ কর্মী মুন্না হাসান লিয়ন ক্যাফেটেরিয়া পরিচালক বরাবর একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, “গত কয়েক দিন ধরে ক্যাফেটেরিয়ায় পচা এবং নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য নষ্ট হচ্ছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”
