২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আবাসিক হোটেল থেকে ২৬ তরুণীসহ আটক ৩৯

থানা পরিদর্শক জানান, এ বিষয়ে মানবপাচার আইনে মামলা হয়েছে।

কুমিল্লায় আবাসিক হোটেল থেকে ২৬ তরুণীসহ আটক ৩৯

আটকদের আদালতে পাঠানো হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 10:46 PM

Updated : 28 Dec 2022, 10:46 PM

কুমিল্লার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৬ তরুণী, হোটেলটির কর্মীসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হানিফ সরকার।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাগুরঝুলিতে ‘রাজধানী’ নামের আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ।  

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে বিভিন্ন জায়গা থেকে কম বয়সী মেয়েদের এনে অনৈতিক কাজ করানোর অভিযোগ ছিল।

এছাড়া এখানে মাদক সেবনসহ মেয়েদের দিয়ে ফাঁদে ফেলে মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানির অভিযোগও ছিল।

গোপন খবরে মঙ্গলবার রাত ৯টার দিকে ডিবি পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ হোটেলটির বিভিন্ন কক্ষে অভিযান চালায়। এ সময় ২৬ তরুণী, সাতজন খদ্দের এবং হোটেলের ছয় কর্মীকে আটক করা হয়।

তবে কৌশলে পালিয়ে যান অনৈতিক ব্যবসার অন্যতম হোতা ও হোটেল মালিক জসিম উদ্দিন শান্ত।

শান্ত জেলার দেবিদ্বার উপজেলার নোয়াবগঞ্জ গ্রামের সায়েদ আলীর ছেলে।

বুধবার বিকালে পুলিশ পরিদর্শক মুহাম্মদ হানিফ সরকার বলেন, জিজ্ঞাসাবাদে আটক তরুণীরা জানায়, তাদের কেউ সাতদিন আগে, আবার কেউ দুই-তিনদিন আগে এখানে এসেছে। তারা এক হোটেলে গড়ে ১০-১২ দিন থাকার পর অন্য হোটেলে যায়। পরিবারে আর্থিক সমস্যার কারণে এ পেশায় এসেছে বলে তারা জানায়।

মুহাম্মদ হানিফ আরও বলেন, এ বিষয়ে মানবপাচার আইনে মামলা হয়েছে। হোটেল মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।