২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ২ হাজার লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

রাসায়নিক পরীক্ষা ও আদালতে বিচারিক কাজের জন্য মোট দুই লিটার চোলাইমদ রেখে অবশিষ্টগুলি ঘটনাস্থলে নষ্ট করা হয়েছে।

নাটোরে ২ হাজার লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

র‌্যাবের অভিযানে আটকরা ও উদ্ধার করা চোলাই মদ

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2022, 04:11 PM

Updated : 13 Nov 2022, 04:20 PM

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় দুই হাজার ১৫০ লিটার চোলাইমদসহ চার জনকে আটক করেছে র‍্যাব। 

গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই অভিযানে উপজেলার গোপালপুর ভুইয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন। 

র‍্যাব-৫ ও নাটোর ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। 

আটকরা হলেন- উপজেলার গোপালপুর ভুইয়াপাড়ার মৃত যতিন বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস (৫৫), পূর্ণ কলস বানিয়াপাড়ার নুর ইসলামের ছেলে মো. রান্টু হোসেন (৩৭), ভুইয়াপাড়ার মৃত খোরশেদ প্রামাণিকের ছেলে মো. আবু তাহের প্রামাণিক (৫৬) এবং একই এলাকার আব্রাহাম রোজারিওর ছেলে বাবু রোজারিও (৫৫)। 

Image

র‌্যাবের অভিযানে আটকরা ও উদ্ধার করা চোলাই মদ

ফরহাদ হোসেন বলেন, “গ্রেপ্তাররা চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় বড়ইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।“ 

তিনি আরও জানান, জব্দকৃত চোলাইমদ থেকে ২৫০ মি.লি. করে আটটি প্লাস্টিকের বোতলে মোট দুই লিটার চোলাইমদ রাসায়নিক পরীক্ষা ও আদালতে বিচারিক কাজের জন্য পাঠানো হয়েছে। অবশিষ্ট চোলাইমদ পঁচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় আইন অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়েছে।