ভারতে মায়ের মৃত্যু, সীমান্তে শেষ মুখ দেখলেন বাংলাদেশে থাকা মেয়ে
বিজিবি ও বিএসএফের উদ্যোগে এ ব্যবস্থা করা হয়।
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সীমান্তের শূন্যরেখায় মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন তার মেয়ে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরা পশ্চিমপাড়া এলাকায় সীমান্তের ১০৯ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে জানান মুজিবনগরের নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শরিফুল ইসলাম।
মারা যাওয়া ওই নারীর নাম জায়রা (৭০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়।
তার মেয়ে হাফিজা খাতুন মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে বসবাস করেন।
হাবিলদার শরিফুল ইসলাম বলেন, মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তার মুখ দেখার ব্যবস্থা করতে বিজিবির কাছে আবেদন করেন হাফিজা। অন্যদিকে, ভারতে থাকা স্বজনেরাও বিএসএফের কাছে আবেদন জানান। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে সীমান্তের শূন্যরেখায় লাশ দেখানোর ব্যবস্থা করা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে বিজিবির পাঁচ সদস্য উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ছিলেন বিএসএফের পাথরঘাটা ক্যাম্পের ইন্সপেক্টর এস কে রয়সহ পাঁচ সদস্য।
মায়ের শেষ মুখ দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফিজা।
