Published : 20 Sep 2026, 11:29 AM
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অক্সিজেন প্লান্টে আগুন লাগার গুজবে শনিবার রাতে রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগী ও তাদের স্বজনরা হুড়োহুড়ি করে হাসপাতাল ছেড়ে চলে যান।
শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম।
তিনি বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে ছুটে আসি। কিন্তু এসে দেখি এখানে আগুন লাগার কোন ঘটনা ঘটেনি। মূলত অক্সিজেন প্লান্টের সেফটি রিলিজের শব্দে আতঙ্কিত হওয়ার কারণে এই প্যানিক অবস্থা তৈরি হয়েছে।”
হাসপাতালে অবস্থানকারীরা জানায়, ২৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী ভর্তি থাকে। শনিবার মধ্যরাতে অক্সিজেন প্লান্টে হঠাৎ তীব্র শব্দ হওয়ায় তারা চমকে উঠেন।
এর মধ্যে প্লান্টে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। এতে তীব্র আতঙ্কে রোগী-স্বজনরা হুড়োহুড়ি করে বের হয়ে যান। কয়েকটি ওয়ার্ড প্রায় ফাঁকা হয়ে যায়।
এসময় কয়েকজন সামান্য আহতও হয়েছেন বলেও দাবি তাদের। পরে আগুন না লাগার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোগীরা আবারো তাদের ওয়ার্ডে ফিরে যায়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালি বলেন, মূলত অক্সিজেন প্লান্ট এর অতিরিক্ত অক্সিজেন সেফটি রিলিজের সময় এ শব্দ হয়। নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে মাসে একাধিকবার এমন ঘটনা ঘটে। তবে শনিবার আগুন লাগার গুজবে ছড়িয়ে পড়ায় রোগীরা হাসপাতাল থেকে বের হয়ে এসেছিল।