নীলফামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় স্বামী কারাগারে
যৌতুকের দাবিতে ৭ ফেব্রুয়ারি সাদিয়াকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
নীলফামারীর সদর উপজেলায় যৌতুকের দাবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় তার স্বামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের বড়ডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার মো. আলামিন (২২) উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদহ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
বিপ্লব কুমার বলেন, “আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়। মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।”
স্ত্রী সাদিয়া আক্তারের মায়ের করা মামলায় আলামিনকে গ্রেপ্তার করা হয়। ২ মার্চ মামলাটি করা হয়। এতে পাঁচজনকে আসামি করা হয়।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আলামিনকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২৩ মে আলামিনের সঙ্গে সাদিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলামিন ও তার পরিবার সাদিয়ার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন আলামিন।
মামলার অভিযোগে বলা হয়, সাদিয়া অন্তঃসত্ত্বা হওয়ার পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি রাতে যৌতুক নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আলামিন বাঁশের লাঠি দিয়ে সাদিয়াকে মারধর করেন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ঘটনার পর আলামিন মোবাইল ফোনে সাদিয়ার মাকে জানান, তার মেয়ে আত্মহত্যা করেছে। এরপর তিনি ও পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে সাদিয়ার মা প্রতিবেশীদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ পান।
