২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ১৫ দোকান

আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 11:48 AM

Updated : 26 Aug 2026, 02:37 PM

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার ভোররাতে উপজেলার আলেকজান্ডার বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুদার জানান। 

স্থানীয়রা বলছেন, বাজারের রাছেলের মুদি দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন মজুদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”