২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির চাহিদার চেয়ে ২৭ লাখ পশু বেশি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

রাষ্ট্র কোনোভাবেই কোরবানির জন্য কাউকে পশু আমদানির বৈধতা দেয়নি বলে জানান মন্ত্রী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 11:33 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

এবার দেশি পশু দিয়েই কোরবানির চাহিদা মিটবে দাবি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, “দেশে এবার কোরবানি পশুর চাহিদা আছে ১ কোটি ৭ লাখ; সেখানে আমাদের প্রস্তুত আছে ১ কোটি ৩০ লাখ পশু।” 

তিনি বলেছেন, “গবাদি পশু উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ। তাই বাইরে থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই।” 

রোববার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালায় গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। 

রাষ্ট্র কোনোভাবেই কোরবানির জন্য কাউকে পশু আমদানি করার বৈধতা দেয়নি জানিয়ে মন্ত্রী আরও বলেন, “রাতের অন্ধকারে চোরাই পথে কিছু গবাদি পশু দেশে ঢুকছে, সীমান্ত রক্ষাকারী বাহিনী তা বন্ধের চেষ্টা করছে। চোরাচালানের মাধ্যমে যারা দেশে পশু আনছে তারা অবৈধ বলে বিবেচিত হবে।” 

প্রাণিসম্পদ মন্ত্রী কর্মশালায় উপস্থিত বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, তারা দেশের সম্পদ, তাদের গবেষণার কারণে দেশের প্রান্তিক খামারি ও কৃষি খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। 

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এসএম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।