২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

দুটি মামলায় আওয়ামী লীগের এই সংসদ সদস্যকে প্রধান আসামি করা হয়েছে।

নাটোরের সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা
নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:43 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে সদর থানায় দুটি হত্যা চেষ্টার মামলা হয়েছে।

শনিবার দুপুরে জেলা বিএনপির দুই নেতা আলাদাভাবে এসব মামলা করেন বলে জানান নাটোর সদর থানার এসআই কৃষ্ণ মোহন সরকার।

তিনি জানান, শিমুলকে প্রধান করে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন নাটের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।

পরে আরেকটি মামলায় জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব বাদী হয়ে শিমুলকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করেছেন বলে জানান এসআই।

ফরহাদ আলী বলেন, “১৩ মার্চ দুপুরে কোর্টে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার পথে সদর উপজেলা সড়ক ও জনপথ ভবনের সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে একদল লোক গাড়িতে করে এসে আমার মোটরসাইকেল থামিয়ে এলোপাথাড়ি মারপিট ও গুলি করে চলে যায়। 

“এ ঘটনায় শিমুলকে প্রধান করে সাগর, জাহিদ, কোয়েল, সেলিম, মিলন, সায়েম হোসেন উজ্জ্বল, খোকন, মলয়, আমিনুল ইসলাম, কানন, সজিব, সবুজ, রাসু, মাহাতাব, সৌমেন, স্বপন, শিহাব, হৃদয়, আলিফ, জনি, সুমন, সুমন মৃধাসহ আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা করেছি।”

আরেক মামলার বাদী সাইফুল ইসলাম আফতাব বলেন, “গত বছরের ২৯ অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্টেশন এলাকার মামুন ফার্মেসির সামনে আমার ওপর হামলা হয়। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে আমাকে এলোপাথাড়ি মারপিট ও গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনায় সাবেক সংসদ সদস্য শিমুলকে প্রধান করে সাগর, জাহিদুর, জামিল হোসেন মিলন, সায়েম হোসেন উজ্জ্বল, মলয় কুমার, আমিনুল ইসলাম আজম, কোয়েল, কানন, সেলিম. সজিব, সবুজ, মাহাতাব, সৌমেনসহ আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছি।”