কুষ্টিয়ায় হত্যা মামলায় জাসদ নেতাসহ ৩ জনের যাবজ্জীবন
২০১২ সালের ১৫ অগাস্ট দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সাহাজুল ইসলামকে (২২) পূর্বশত্রুতার জেরে আসামিরা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক যুবককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবীর পারভেজ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম (৪৮), বিলআমলা গ্রামের আব্দুর রশিদ (৫৮) এবং শহিদুল ইসলাম (৫৯)।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১২ সালের ১৫ অগাস্ট রাতে দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলেক চাঁদের ছেলে সাহাজুল ইসলামকে (২২) পূর্বশত্রুতার জেরে আসামিরা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।
তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামলার সাতদিন পর সাহাজুল মারা যান।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে ২০১২ সালের ২২ অগাস্ট ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৩ সালের ২৫ মার্চ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।
আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আটজনকে খালাস দিয়েছে আদালত।
