১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর

ঝালকাঠির রাজাপুরে সন্ধ্যার পর কয়েকজন যুবক বাড়ির বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে চলে যায়।

সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলায় ভেঙে যাওয়া জানালা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 12:26 AM

Updated : 26 Aug 2026, 10:57 AM

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর উপজেলার গোডাউনঘাট এলাকায় ‘মেহজাবিনে’ এ ঘটনা ঘটে বলে জানান রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর সাত থেকে আটজন যুবক বাড়ির বাহিরে থেকে ভবন লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে ভবনের পূর্ব পাশের সামনের দুটি ও উত্তর পাশের একটি জানালার গ্লাস ভেঙে যায়।

ওই ভবনে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল জানান, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনটি জানালার গ্লাস ভেঙে যায়।

শাহজাহান ওমর বীর উত্তম মোবাইলে বলেন, “আমি বরিশালে আছি। শুনেছি, সন্ধ্যার পর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে।”

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, হামলার ঘটনা শুনেছেন তিনি। তবে এ বিষয়ে কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হন শাহজাহান ওমর।