০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে গালিগালাজ: আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

“মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের পক্ষ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকির এজেন্টকে গালিগালাজ করেন।”

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:39 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

বাগেরহাটের চিতলমারী উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক আওয়ামী লীগ নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার কলাতলা ভোটকেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডিত ফুল্ল কুমার মণ্ডল উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। উপজেলা নির্বাচন বিধিমালা-২০১৩ এর ৩ (২) ধারায় তাকে ওই সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি চরবানিয়ারি এলাকার আদিত্য মণ্ডলের ছেলে।

এ বিষয়ে জানতে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন,

সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। শুধু চিতলমারীতে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে প্রফুল্ল কুমার মণ্ডল নামের এক ব্যক্তিকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি বলেন, “উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের পক্ষ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকির এজেন্টকে গালিগালাজ করা ও প্রার্থীর বিষয়ে বাজে মন্তব্য করায় তাকে এই সাজা দেওয়া হয়।”  

এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো সমস্যা পেলে ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।   

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের তিন উপজেলা ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীর ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।