১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারাগারের ব্যারাকে ঝুলছিল কারারক্ষীর মরদেহ

মৃত কারারক্ষীর গলায় দাগ দেখা গেছে, বলছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2025, 11:37 AM

Updated : 26 Aug 2026, 12:25 PM

পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহকর্মীরা ব্যারাকের একটি কক্ষের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিনই পটুয়াখালী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার সাব ইন্সপেক্টর ইসরাইল হোসেন জানিয়েছেন।

মৃত ৪২ বছর বয়সী মো. সাজেদুর রহমান শেরপুর জেলার বাসিন্দা।

কারাগার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত রোল কলের সময় সাজেদুর রহমানকে না পেয়ে সহকর্মীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ব্যারাকে গিয়ে সাজেদুরের ঘরের দরজা বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। তারা দরজা খুলে ভেতরে ঢুকে সাজেদুরের ঝুলন্ত লাশ দেখতে পান।

দ্রুত ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজেদুরকে মৃত ঘোষণা করেন।

সাব ইন্সপেক্টর ইসরাইল হোসেন বলেন, “হাসপাতালে সুরতহাল করার সময় কারারক্ষী সাজেদুর রহমানের গলায় দাগ দেখা গেছে। আর ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সিলিং ফ্যান যেখানে ঝুলিয়ে রাখা হয় সেখানে দড়ি বাঁধা ছিল।”

পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়ার জন্য তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।”

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।