০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় এ্যানির দুঃখ প্রকাশ

বিএনপি-ছাত্রদলের লোকজনের হামলায় আহত হয়েছিলেন মাহফুজের বাবা স্থানীয় বিএনপি নেতা বাচ্চু মোল্লা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 01:36 AM

Updated : 26 Aug 2026, 12:25 PM

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে বাচ্চু মোল্লার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এ্যানি। 

ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা তার বাড়ির কাছে গত ৩০ মার্চ রাতে বিএনপি-ছাত্রদলের লোকজনের হামলায় আহত হন।

তার ভাতিজা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালানোর সময় বাধা দেওয়ায় মাহফুজের বাবা বাচ্চু মোল্লাকে মারধর করা হয়। এতে তিনি হাতে আঘাত পান। 

নারায়নপুরে বাচ্চু মোল্লার বাড়িতে গিয়ে লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ্যানি বলেন, ”বাচ্চু মোল্লা আমাদের স্থানীয় নেতা। উনার ছেলে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত আন্দোলন সংগ্রামে উনি এবং উনার ছেলের ভূমিকা রয়েছে। তিনি অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবেন, এটা অত্যন্ত দুঃখজনক। ”

ঘটনা জানার পর বাচ্চু মোল্লাকে কল দিলেও তাকে না পাওয়ার কথা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, “মিডিয়াতে বিভিন্নভাবে ঘটনাটি তুলে ধরা হয়েছে। তবে প্রকৃত ঘটনা উনার কাছ থেকে বাড়িতে এসে জানতে পেরেছি। 

”আন্দোলন করতে গিয়ে বাচ্চু মোল্লাসহ তার পরিবারও নির্যাতিত। যারা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, কথিত মঞ্জু একজন সন্ত্রাসী ছিল। ছাত্রলীগের নেতৃত্বাধীন পদে ছিল। তার দায়-দায়িত্ব বাচ্চু মোল্লা কখনো গ্রহণ করেননি এবং করবেন না। সুতরাং এটিকে কেন্দ্র করে উনার সঙ্গে উনার পরিবারের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি এ ধরনের সুযোগ দেওয়ার চেষ্টা করে শক্ত হাতে সেটিকে আমরা প্রতিরোধ করব।” 

এসময় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম উপস্থিত ছিলেন। 

রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা