২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিশু ধর্ষণ মামলায় ট্রাফিক পুলিশের কনস্টেবল গ্রেপ্তার

মামলায় বলা হয়, শিশুটিকে চকলেট কিনে দেওয়ার জন্য দোকানের দিকে রওনা হন ওই কনস্টেবল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 08:33 PM

Updated : 12 May 2023, 10:35 AM

বরিশালের আগৈলঝাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানায় মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয় বলে ওই থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান।  

গ্রেপ্তার আব্দুর রাজ্জাকের (৫৭) বাড়ি বরিশালের গৌরনদী উপজেলা শাহাপুর গ্রামে। এ ছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন সবুজবাগ জোনের ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত।

আগৈলঝাড়া থানা পরিদর্শক মাজাহারুল মামলার নথির বরাতে জানান, গত বুধবার সন্ধ্যায় শিশুটির দাদার ঘরে বেড়াতে আসেন কনস্টেবল আব্দুর রাজ্জাক। পরে চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে দোকানের দিকে রওনা হন তিনি। কিন্তু দোকানে না গিয়ে অন্য একটি বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন আব্দুর রাজ্জাক। পরে শিশুটিকে বাড়িতে রেখে চলে যান ওই কনস্টেবল।

তখন চিৎকার করে কান্না শুরু করলে দাদি ও মা শিশুটির হাফপ্যান্টে রক্ত দেখতে পান। দ্রুত শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের পরিদর্শক আরও জানান, আসামিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। শিশুটি এখনও হাসপাতালের চিকিৎসাধীন।