১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে সড়কের পাশে পড়েছিল বৃদ্ধের মরদেহ

রমজান আলী মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি।

লালমনিরহাটে সড়কের পাশে পড়েছিল বৃদ্ধের মরদেহ
লালমনিরহাটের আদিতমারীতে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে ভিড় করেন স্থানীয়রা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2024, 12:46 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সড়কের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী। 

৬৫ বছর বয়সী রমজান আলী ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি।  

ওসি জানান, বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

ওসি আরও বলেন, সুরতহালে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। 

নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।