১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মনোনয়নপত্র কেনার পর দিন সাবেক মেয়র সাক্কু বললেন, ‘ভুল হয়েছে’

সোমবার দুপুরে নগরীর রাণীর দিঘির পাড়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 03:52 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

কুমিল্লা-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের পরদিন সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু বলেছেন, এটি করা তার ঠিক হয়নি।

সোমবার দুপুরে নগরীর রাণীর দিঘির পাড়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সমর্থকদের দিয়ে শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র সংগ্রহ করে কুমিল্লার রাজনীতিতে আলোচনার জন্ম দেন সিটি করপোরেশনের দুই বারের মেয়র সাক্কু।

সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

৩ নভেম্বর দলের মনোনয়ন ঘোষণার পর থেকেই অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও তার সমর্থকরা ৫০ দিনেরও বেশি সময় ধরে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এ নিয়ে স্পষ্টত বিভক্ত হয়ে পড়েছে কুল্লিা সদরে বিএনপির রাজনীতি।

এই অবস্থায় মনিরুল হক সাক্কুর মনোনয়নপত্র সংগ্রহ স্বাভাবিকভাবেই কুমিল্লার রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দেয়।

দুপুরে সংবাদ সম্মেলনে সাক্কু বলেন, বিএনপির প্রার্থী মনোনয়নের আগ থেকেই দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে বলেছি, মনিরুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাকে যদি মনোনয়ন দেন আমি একসঙ্গে কাজ করব।

সেই পরিপ্রেক্ষিতে মনিরুল হক চৌধুরীকে কুমিল্লা সদরে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি তার সঙ্গে একজন কর্মীর মত হয়ে কাজ করছি। কিন্তু ইয়াছিন (আমিন উর রশিদ) সাহেব বিভিন্ন জায়গায় গিয়ে ফুল নেয়, নানা কথা ছড়ায়। মানুষের মাঝে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করছে।

তিনি বলেন, তার এই অবস্থান দেখে রাগে পড়ে আমি সিদ্ধান্ত নিলাম, তিনি যেহেতু এরকমই করছেন, আমিও একটি মনোনয়নপত্র কিনে রাখি। আমি যেহেতু বহিষ্কৃত নেতা, দল থেকে মনোনয়ন পাব না, তাই স্বতন্ত্র নির্বাচনই করতে হবে। তাই মনোনয়ন ফরম কিনে রাখলাম।

কিন্তু কেনার পর সারারাত ভেবে দেখলাম, এটা আমার এখনই কেনা ভুল হয়েছে। কারণ আমি তো মনিরুল হক চৌধুরীর লোক। আমি বলেই তাকে বিএনপির প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছি। এখন আবার আমার মনোনয়ন ফরম কেনা ভুল হয়েছে; এ জন্য আমি সরি।

মনিরুল হক সাক্কু বলেন, মনোনয়ন প্রত্যাশী ইয়াসিনের কার্যক্রম আমার ভালো লাগে না। কোনো কারণে যদি দলের মনোনয়ন পরিবর্তন হয় কিংবা হাজী ইয়াছিনকে ধানের শীষের প্রার্থী করা হয় তাহলে আমি স্বতন্ত্র নির্বাচন করব।