Published : 02 Mar 2026, 11:00 AM
বান্দরবানে আগুনে ছয়টি বসতঘর এবং একটি দোকান ভস্মীভূত হয়েছে।
সোমবার সকাল পৌনে ৬টায় বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানিয়েছেন।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ছয়টি বসতঘর এবং একটি রেস্তোরাঁ সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনে পাশের একটি ভবনের ফ্লোরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আব্দুল মান্নান আনসারী জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ভোরে রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই তা বেড়া দিয়ে তৈরি আশেপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী।
সদর উপজেলার ইউএনও মারুফা খান সুলতানা হীরামনি বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে টাকা দিয়ে সহায়তা করা হবে।”