১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে গোয়ালঘর-ধানের গোলা থেকে ২ হাজার কেজি সার উদ্ধার

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 12:59 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলায় অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার রাতে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালিত হয় বলে জানান ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। 

পুলিশ জানায়, সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ইসলামপুর এলাকায় মো. বেলাল মিয়া ও মো. মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। 

এ সময় তাদের গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২টি বস্তায় রাখা ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।

পরে মোবাইল কোর্টে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেন। 

অভিযানে থানার ওসি মো. আজিম উদ্দিনও উপস্থিত ছিলেন। 

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সে জন্য ভুরুঙ্গামারী থানা পুলিশ সার বিতরণ ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। 

কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।