২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ‘অন্য বিভাগ’, রাবিতে বিক্ষোভ

বিসিএস শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সঙ্গে লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে এই কর্মসূচি হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 05:25 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

বিসিএস শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সঙ্গে লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে প্যারিস রোডে এসে মিলিত হয়।

এ সময় তিন দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে স্বতন্ত্র রাখা, শিক্ষা ক্যাডারে অন্য কোনো বিভাগের সঙ্গে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল এবং পিএসসি থেকে এ বিষয়ে স্পষ্ট ও লিখিত বিবৃতি প্রদান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা আঁখি বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কখনো এ ধরনের সিদ্ধান্ত মেনে নেবে না। আমাদের দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।”

আরেক শিক্ষার্থী জুয়েল রানা বলেন, “রাষ্ট্রবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ। শিক্ষা ক্যাডারে লোক প্রশাসন বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একীভূতকরণ সম্পূর্ণ অযৌক্তিক। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।”