২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নিয়ন্ত্রণহীন লরির চাপায় ২ যুবক নিহত

সুজানগর থানার সামনের মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন কামরুল ও মান্নান।

পাবনায় নিয়ন্ত্রণহীন লরির চাপায় ২ যুবক নিহত
পাবনার সুজানগর থানা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2024, 03:10 AM

Updated : 10 Sep 2026, 12:06 PM

পাবনার সুজানগর উপজেলায় তেলবাহী লরির চাপায় দুই যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার রাত ৮টার দিকে সুজানগর থানার সামনের মোড়ে এ ঘটনা ঘটে বলে ওসি জালাল উদ্দিন জানান।

নিহতরা হলেন- সুজানগর পৌর এলাকার চর সুজানগরের নবাব আলী খানের ছেলে কামরুল ইসলাম (৩৮) এবং পৌর এলাকার মসজিদ পাড়ার মৃত বক্কর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুজানগর থানার সামনের মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন কামরুল ও মান্নান। এ সময় সুজানগর বাজারের দিক থেকে নাজিরগঞ্জের দিকে যাচ্ছিল তেলবাহী লরিটি। 

সেখানে বাঁধের সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বলেন, “মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। লরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”