সৌদি আরবে ফেরা হল না তিন বন্ধুর, একই বাইকে গেল প্রাণ
দুর্ঘটনায় নিহত এই তিন বন্ধুর মধ্যে একজন এবার ছুটিতে এসে বিয়ে করেছিলেন।
তিন বন্ধুর সবাই সৌদিপ্রবাসী। ছুটিতে এসেছিলেন দেশে। ছুটি কাটিয়ে ১০-১৫ দিনের মধ্যেই কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।
রোববার বিকালে তারা একই মোটরসাইকেলে বেড়াতে বের হন। তবে যাত্রাপথে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজনই। তাদের আর ফেলা হল না প্রবাসে।
ব্রাহ্মণবাড়িয়ার এই তিন বন্ধু হলেন- লোকমান হোসেন (২৯), তুহিন হাসান (২৮) ও সুমন হোসেন (২৮)। তাদের দুজনের ব্রাহ্মণবাড়িয়া সদর এবং একজনের সরাইল উপজেলায় গ্রামের বাড়ি।
তাদের মধ্যে লোকমান ও তুহিন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা। সুমনের বাড়ি সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামে।
নিহত এই তিন বন্ধুর মধ্যে লোকমান এবার ছুটিতে এসে বিয়ে করেছিলেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ওই তিন বন্ধুসহ পাঁচজন নিহত হন।
নিহত অপর দুই ব্যক্তি হলেন- বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের হোসেন আকরাম এবং আকরামের মোটরসাইকেলের পেছনে থাকা রংপুরের খামার মোহনা গ্রামের মো. মনিরুজ্জামান (৩৫)।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সদস্যরা বলেন, সরাইলের বাড়িউড়া থেকে রোববার বিকালে একটি মোটরসাইকেলে তিন বন্ধু সুমন, লোকমান ও তুহিন ঢাকা–সিলেট মহাসড়ক দিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরার উদ্দেশে বেড়াতে বের হন। সুমন মোটরসাইকেল চালাচ্ছিলেন।
অপরদিকে বিজয়নগরের চান্দুরা থেকে একটি মোটরসাইকেলে সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা হন আকরাম হোসেন ও মো. মনিরুজ্জামান। বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আকরামের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
একই সময় সরাইল বিশ্বরোড মোড় থেকে ছেড়ে আসা হবিগঞ্জের মাধবপুরগামী একটি অটোরিকশা পেছন থেকে মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে ওই পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন দুজন।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। তাদের কারো মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানান।
সরাইল বাড়িউড়া গ্রামের লোকজন বলেন, লোকমান, সুমন ও তুহিন কয়েক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। ১৭ দিন আগে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে লোকমান বিয়ে করেছিলেন। ১০-১৫ দিনের মধ্যে তিনজনেরই সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশার চালক ও যাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতদের কারো মাথায় হেলমেট ছিল না।
