১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সরাইল বিশ্বরোড় থেকে হবিগঞ্জের মাধবপুরগামী অটোরিকশার সঙ্গে ঢাকামুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয় বলে জানান স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 01:19 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম।

নিহতদের সবাই মোটরসাইকেলের আরোহী। তারা দুটি মোটরসাইকেলে করে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।

ওসি জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজনকে চিকিৎসক মৃত আনা হয়েছে বলে জানান। 

নিহতরা হলেন - বিজয়নগরের সাতগাঁও গ্রামের শাজাহান মিয়ার ছেলে আকরাম (২২), রংপুরের গঙ্গাচড়া উপজেলার ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১), সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের সুমন (২৬), সদর উপজেলার মজলিশপুরের তুহিন হাসান (২৫), এবং মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (২৩)।

আহতরা হলেন - সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন (২০), ফজল মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) এবং চান্দুরা কালিসীমা গ্রামের সিএনজি চালক আল আমিন (২৪)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।]

রামপুর এলাকার বাসিন্দা কাজী মিজানুর রহমান বলেন, সরাইল বিশ্বরোড় থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা আরেকটি দ্রুতগতির মোটরসাইকেল এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী চারজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত দুইজনকে হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহাঙ্গীর বলেন, “ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছি। আরেকটি মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বলে জেনেছি।”