১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ড্রেন থেকে উদ্ধার, তারপর কোরবানি

“নামাজ আদায়ের আগে হঠাৎ গরুটি ড্রেনে পড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছিলাম।”

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 04:13 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

ঈদের সকালে পাবনায় ড্রেনে পড়ে আটকে গিয়েছিল একটি গরু; ফায়ার সার্ভিস এসে ‘উদ্ধার’ করার পর কোরবানি হয়েছে সে। 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের চামড়ার আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা রিজভী ইসলাম জানান, আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি ওই গরুর মালিক। সকালে রাস্তা দিয়ে নেওয়ার সময় কোরবানির গরুটি ড্রেনে পড়ে যায়। 

“গরুটিকে তোলার কোনো উপায় না পেয়ে কল দেওয়া হয় ফায়ার সার্ভিসের জরুরি নম্বরে। পরে পাবনা ফায়ার সার্ভিসের একটি দল এসে এক ঘণ্টার চেষ্টায় গরুটিকে উদ্ধার করে।” 

গরুর মালিক আব্দুর রাজ্জাক বলেন, “সামর্থ্য অনুযায়ী একটি গরু কোরবানির নিয়ত ছিল। পছন্দমত গরুটা কিনেছিলাম। সকালে কোরবানির সমস্ত প্রস্তুতিও নেওয়া শেষ। কিন্তু নামাজের আগে হঠাৎ গরুটা ড্রেনে পড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছিলাম। 

“মোটামুটি ওজনের গরুটা তোলা যেমন-তেমন ব্যাপার না। এদিকে ঈদের দিন ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কারো সহযোগিতা পাব কি না এ নিয়েও দুশ্চিন্তা ছিল। কিন্তু কল দেওবার কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি টিম যেভাবে দ্রুত রেসপন্স করে গরুটি উদ্ধার করল, সেটা আসলেই প্রশংসনীয়।”

রাজ্জাক বলেন, “বিপদে এভাবে মানুষের পাশে থাকায় শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই ফায়ার ফাইটারদের।”

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার হামিদুল ইসলাম বলেন, “আমাদের প্রধান দায়িত্ব হল ক্রাইসিস মোমেন্টে মানুষের পাশে দাঁড়ানো। তাই দ্রুত ঘটনাস্থলে গিয়ে কোরবানির গরুটিকে গরু ড্রেন থেকে উদ্ধার করি।”

উদ্ধারের পর গরুরি কোরবানি দেওয়া হয় বলে মালিক আব্দুর রাজ্জাক জানান।