মোস্তাফিজকে ‘অপমানের’ প্রতিবাদে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি
কিশোরগঞ্জে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশের পাশাপাশি কুশপুতুল দাহ করা হয়।
তালিকাভুক্ত হওয়ার পরও ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জের সংক্ষুব্ধরা। এ সময় আইপিএল রেপ্লিকা পোড়ানো হয়।
রোববার দুপুর আড়াইটায় জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় মুক্তমঞ্চ চত্বরে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংগঠনের সদস্যরা ‘আইপিএল আইপিএল, বয়কট বয়কট’, ‘মোদির দুই গালে- জুতা মার তালে তালে’, ‘মোস্তাফিজের অপমান- মানি না মানব না’- ইত্যাদি স্লোগান দেন। পরে আইপিএল রেপ্লিকা পোড়ানো হয়।
সমাবেশে জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মো. জগলুল হাসান চয়ন বলেন, “বাংলাদেশের গর্ব ও আমাদের অহংকারের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ডেকে নিয়ে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতের ক্রিকেট বোর্ড যেভাবে অপমান করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। তাই বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার দাবি জানাচ্ছি। মোস্তাফিজকে নিয়ে উগ্রবাদী হিন্দু সংগঠনের হুমকি-ধামকিসুলভ আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি বলেন, “বাংলাদেশের ক্রিকেটাররা যেহেতু ভারতের মাটিতে নিরাপদ নয়, তাই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে যেতে পারে না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব।”
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা হাসিবুল হোসাইন, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক আনাস ইবরাহীম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, জেলা ছাত্র মজলিসের বায়তুলমাল সম্পাদক বরকতউল্লাহ।
