‘ফ্যান নষ্ট’, ক্লাসে অজ্ঞান জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী
“যেখানে বসে ক্লাস করছিল, সেখানের ফ্যান নষ্ট ছিল। এজন্য হয়তো গরমটা আরও বেশি ছিল।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগের ক্লাস চলাকালীন একজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে গেছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে ওই বিভাগের সহকারী অধ্যাপক শাকিল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এ শিক্ষক বলেন, “ক্লাস চলাকালীন শাশ্বত প্রামাণিক নামে এক শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে যায়। পরে তাৎক্ষণিক পাঁচজন শিক্ষার্থীকে দিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠাই। সে এখন সুস্থ আছে।"
কী ঘটেছিল? জানতে চাইলে অধ্যাপক শাকিল বলেন, " প্রামাণিক যেখানে বসে ক্লাস করছিল, সেখানের ফ্যান নষ্ট ছিল। এজন্য হয়তো গরমটা আরও বেশি ছিল। তীব্র গরমে এই ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়েছে।"
প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের টানা ক্লাস ছিল, আর শ্রেণীকক্ষের একটা ফ্যানও ছিল নষ্ট। প্রামাণিক অজ্ঞান হওয়ার দ্রুত মেডিকেল নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে স্যালাইন লাগিয়ে দেয়; এরপর সে কিছুটা সুস্থ হয়।
“বিকালেও প্রামাণিকের সঙ্গে কথা হয়েছে, সে সুস্থ আছে বলে জানিয়েছে।"
এ বিষয়ে জানতে শাশ্বত প্রামাণিকের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
ওই ক্লাসের আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এ বিষয়ে কথা হয়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই তাপদাহে শ্রেণীকক্ষে ফ্যান নষ্ট থাকা কীভাবে সম্ভব! এসির কথা বাদই দিলাম। আজকে প্রামাণিকের শারীরিক অবস্থা আরও খারাপ হলে, এর দায় কে নিত?
গরমের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনলাইনে ক্লাস নিয়ে কিছু ভাবছে কী-না জানতে চাইলে নিবন্ধক আবু হাসান বলেন, "আজকের ঘটনা মাত্রই শুনলাম। তীব্র গরমে ফ্যান নষ্ট থাকে এটাতো বিভাগের সভাপতি এবং ফ্যাকাল্টির ডিনের দেখার কথা।
“প্রক্টর ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে কথা বলে দেখি কী করা যায়।"
এ বিষয়ে জানতে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক তারানা বেগমের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
