শ্যালিকাকে ধর্ষণে যাবজ্জীবন ভগ্নিপতির, গ্রেপ্তার ১৪ বছর পর
পুলিশ জানায়, আসামি তার বাবার নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন।
বরিশালে শ্যালিকাকে ধর্ষণে যাবজ্জীবন সাজার রায় ঘোষণার ১৪ বছর পর আসামি ভগ্নিপতি গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার তাকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয় বলে বরিশালের মেহেন্দিগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানান।
দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন সিকদার (৫০) মেহেন্দিগঞ্জ পৌর এলাকার অম্বিকাপুরের কালাম সিকদারের ছেলে।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানান, স্ত্রীর মামাতো বোনকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন আরিফ। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন বিয়ে করতে অস্বীকার করলে ২০০৫ সালে আরিফকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী। তারপর থেকে আরিফ পলাতক ছিলেন।
বেঞ্চ সহকারী আরও বলেন, ২০০৯ সালের ২৮ অক্টোবর ট্রাইব্যুনালের বিচারক আরিফকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয় তাকে।
“আরিফকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক ইয়ারব হোসেন।”
মেহেন্দিগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্য-প্রযুক্তির সহায়তায় সাভার নবীনগর জিলানী বাজার এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। নিজের বাবার নাম বদলীয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে গভীর নলকূপের মিস্ত্রি হিসেবে কাজ করতেন আরিফ।”
এসআই রফিকুল আরও বলেন, “আরিফের বাবার নাম কালাম সিকদার, কিন্তু পরিবর্তন করে আলী সিকদার লিখে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। মামলার পর দীর্ঘ ১৮ বছরের পলাতক জীবনে কখনও মেহেন্দিগঞ্জে আসেননি আরিফ।
ধর্ষণে তার শ্যালিকার গর্ভে জন্ম নেওয়া সন্তান বর্তমানে নবম শ্রেণীতে পড়াশোনা করছে।
সন্তানের স্বীকৃতি না পাওয়া কিশোরটি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এসেছিল।
সে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, জীবনে প্রথমবার বাবাকে দেখে ভালো লাগছে তার। মায়ের অন্য জায়গায় বিয়ে হওয়ায় কিশোরটি বর্তমানে নানীর কাছে থাকছে।
