২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পুরাকীর্তি সুরক্ষায় নাগরিক কমিটি

“দুই বছরের গবেষণায় জেলায় ৩২০টি পুরাকীর্তির তথ্য পাওয়া যায়।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 10:50 AM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ময়মনসিংহ অঞ্চলের পুরাকীর্তি সুরক্ষার লক্ষ্যে নাগরিক দায়বদ্ধতা থেকে একটি কমিটি করা হয়েছে। 

শুক্রবার রাতে ‘পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল’ নামে সংগঠটির আত্মপ্রকাশ ঘটে। 

নগরীর মালগুদাম এলাকায় আলোচনা সভার মধ্য দিয়ে ২৮ সদস্যের এই কমিটি গঠন করা হয়। এতে ১০ জন সভাপতিমণ্ডলীর সদস্য, একজন সদস্যসচিব ও ১৭ জন কার্যকরী সদস্য হিসেবে থাকবেন। 

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে এবং সংস্কৃতিজন ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুরাকীর্তি বিশেষজ্ঞ স্বপন ধর, নাগরিক ব্যক্তিত্ব আব্দুল কাদের চৌধুরী মুন্না, কবি সরকার আজিজ, কবি আফতাফ আহমেদ মাহবুব, শিক্ষক মো. চাঁন মিয়া ফকির, সাবেক ছাত্রনেতা গোলাম ফারুক লিটন, সাংবাদিক শফিয়েল আলম সুমন, সংস্কৃতিজন মো. নুর আলী চিশতি, মোহাম্মদ মাসুদ চিশতি, মো. রেজাউল ইসলাম, ছাত্রনেতা মো. আরিফুল হাসান, তানজিল হোসেন মুণিম, চিত্রণ ভট্টাচার্য। 

স্বপন ধর বলেন, “দুই বছরের গবেষণায় জেলায় ৩২০টি পুরাকীর্তির তথ্য পাওয়া যায়। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ছয়টি বাড়ি, ‘বি’ ক্যাটাগরির ৫৪টি এবং বাকিগুলো ‘সি’ ক্যাটাগরিতে রয়েছে। 

“তবে ৩২০টি পুরাকীর্তির মধ্যে ৪০টি বাড়ি পাওয়া যায়নি। এগুলো সংরক্ষণের জন্য আমরা সরকারকে বারবার তাগিদ দিচ্ছি।” 

বক্তারা বলেন, পুরাকীর্তি জাতির ক্রমবিকাশের চাক্ষুষ ইতিহাস। যার মাধ্যমে প্রজন্ম জাতির ক্রমবিকাশের ইতিহাস সমন্ধে জ্ঞান লাভ করে। বাংলাদেশের রয়েছে পুরাকীর্তির ভাণ্ডার। যার একটি উল্লেখ্য ভাণ্ডার রয়েছে ময়মনসিংহ অঞ্চলে। 

তারা বলেন, কিন্তু দুঃখজনক হল, যথাযথ সংরক্ষণের অভাবে আজ অতি মূল্যবান পুরাকীর্তিসমূহের অবস্থা জীর্ণশীর্ণ। সরকারিভাবে দৃশ্যমান যথাযথ তদারকি নেই বললেই চলে। অনেক পুরাকীর্তি সরকারি ও বেসরকারিভাবে বিলীন ও বেহাত হয়ে গিয়েছে। এ অবস্থায় চলতে থাকলে দিন দিন পুরাকীর্তির ভাণ্ডার কমে যাবে।