২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতালদের পিটিয়ে বাড়িতে আগুন দেওয়ার মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানীর পুরানা পল্টনের প্রিতম হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 06:25 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

জমি সংক্রান্ত বিরোধে সাঁওতালদের মারধর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর পুরানা পল্টনের প্রিতম হোটেল থেকে রাজাহার ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান।  

রফিকুল ইসলাম রাজাহার ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ছিলেন। ঘটনার পর তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে বিএনপি। 

সাঁওতাল পল্লীতে হামলা: জড়িতদের বিচার চেয়ে ৪৭ নাগরিকের বিবৃতি

সাঁওতালদের পিটিয়ে বাড়িতে আগুন: ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি

ওসি বুলবুল বলেন, “আইনি প্রক্রিয়া শেষে রফিকুলকে গাইবান্ধায় নিয়ে আসা হবে।”

অভিযোগের বরাতে পুলিশ জানায়, রাজাবিরাট বরট্ট সাঁওতাল পল্লীর বাসিন্দা মৃত সুন্দর সরেন মণ্ডলের ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সঙ্গে রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের জমি ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজনসহ সুন্দর সরেন মণ্ডলের বাড়িতে হামলা করে।

তারা জমি ও পুকুরের দখল ছেড়ে দেওয়ার জন্য বৃটিশ সরেন ও শৈলেন সরেনকে চাপ প্রয়োগ করে। এতে রাজী না হলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনকে মারধর করা হয়। এ সময় তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সাঁওতালদের পিটিয়ে বাড়িতে আগুন: ইউপি চেয়ারম্যান বিএনপি থেকে বহিষ্কার

সাঁওতাল সহোদরকে মারপিট করে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

গুরুতর আহত বৃটিশ সরেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, এরপর গভীর রাতে চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বৃটিশ সরেন ও শৈলেশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।