সাঁওতালদের পিটিয়ে বাড়িতে আগুন: ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি
উপজেলা বিএনপির সদস্য ও রাজাহার ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাঁওতালদের মারপিট ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে গাইবান্ধা শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে বিক্ষোভ সমাবেশে সাঁওতাল ও বাঙালিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, এএলআরডি ও জনউদ্যোগ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, নাগরিক সংগঠন জনউদ্যোগ গাইবান্ধার সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, ভুক্তভোগী শ্যামবালা, বৃটিশ সরেন, সাঁওতাল নেত্রী সুচিত্রা মুরমু তৃষ্ণা।
আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু বলেন, “স্বাধীনতার পর থেকে সাঁওতালদের প্রায় ২৫০ বিঘা জমি স্থানীয় বাঙালিরা নানাভাবে দখলে নিয়েছেন। সেই কারণে সেখান থেকে অনেক সাঁওতাল পরিবার অন্য জায়গায় চলে গেছেন।”
ভুক্তভোগী বৃটিশ সরেন বলেন, “শুক্রবার রাজাহার ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক ও রাজাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজন রাজাবিরাট বরট্ট সাঁওতাল পল্লিতে আমাদের পৈত্রিক জমিতে মাটি ভরাট শুরু করে। খবর পেয়ে বাধা দিতে গেলে আমাদের মারধর করে। পরে রাতে বাড়িতে হামলা করে আগুন দেওয়া হয়।”
ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ফিলিমন বাস্কে এ ঘটনার সঙ্গে জড়িত রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তারসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং সাঁওতালদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, রাজাবিরাট বরট্ট সাঁওতাল পল্লীর বাসিন্দা মৃত সুন্দর সরেন মণ্ডলের ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সঙ্গে রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের জমি ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজনসহ সুন্দর সরেন মণ্ডলের বাড়িতে হামলা করে।
তারা জমি ও পুকুরের দখল ছেড়ে দেওয়ার জন্য বৃটিশ সরেন ও শৈলেন সরেনকে চাপ প্রয়োগ করে। এতে রাজী না হলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনকে মারধর করা হয়। এ সময় তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
গুরুতর আহত বৃটিশ সরেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, এরপর গভীর রাতে চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বৃটিশ সরেন ও শৈলেশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সদস্য ও রাজাহার ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে মারপিট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে রাজাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ক্রয় সূত্রে তিনি এই জমির মালিক। শুক্রবার সকালে তার লোকজন ওই জমিতে মাটি ভরাট করতে যায়। এ সময় সাঁওতাল সম্প্রদায়ের লোকজন বাধা দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে বৃটিশ সরেন ও তার লোকজন তাকে লাঞ্ছিত করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ জনকে আসামি রেখে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
