সাঁওতাল সহোদরকে মারপিট করে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
পুলিশ জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট বরট্ট সাঁওতাল পল্লিতে এ ঘটনা ঘটে।
জমির দ্বন্দ্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল সম্প্রদায়ের দুই ভাইকে মারপিট করে তাদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের রাজাবিরাট বরট্ট সাঁওতাল পল্লিতে শুক্রবার এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান।
শনিবার দুপুরে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এ বি এম রশিদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অপরদিকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দুপুরে রাজাবিরাট বাজারে মানববন্ধন করেছে সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, রাজাবিরাট বরট্ট সাঁওতাল পল্লীর বাসিন্দা মৃত সুন্দর সরেন মণ্ডলের ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সঙ্গে রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের জমি ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজনসহ সুন্দর সরেন মণ্ডলের বাড়িতে হামলা করে।
তারা জমি ও পুকুরের দখল ছেড়ে দেওয়ার জন্য বৃটিশ সরেন ও শৈলেন সরেনকে চাপ প্রয়োগ করে। এতে রাজী না হলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনকে মারধর করা হয়। এ সময় তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
গুরুতর আহত বৃটিশ সরেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, এরপর গভীর রাতে চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বৃটিশ সরেন ও শৈলেশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে সাঁওতাল সহোদরকে মারপিট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
তিনি বলেন, ক্রয় সূত্রে তিনি এই জমি ভোগদখল করে আসছেন। শুক্রবার সকালে তার লোকজন ওই জমিতে মাটি ভরাট করতে যায়। এ সময় সাঁওতাল সম্প্রদায়ের লোকজন বাঁধা দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে বৃটিশ সরেন ও তার লোকজন তাকে লাঞ্ছিত করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মামলার প্রক্রিয়া চলমান আছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত অব্যাহত রেখেছে।
