সাঁওতালদের পিটিয়ে বাড়িতে আগুন: ইউপি চেয়ারম্যান বিএনপি থেকে বহিষ্কার
সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রফিকুলকে বহিষ্কার করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল সহোদরকে মারধর করে বাড়িতে অগ্নিসংযোগের মামলার আসামি রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার দুদিন বাদে রোববার সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য ও রাজাহার ইউনিয়নের সহসাধারণ সম্পাদক রফিকুলকে বহিষ্কার করা হয়েছে বলে দলের জেলা কমিটির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক জানান।
জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হইল। বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ড বা অপকর্মের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হইল।”
অভিযোগের বরাতে পুলিশ জানায়, রাজাবিরাট বরট্ট সাঁওতাল পল্লীর বাসিন্দা মৃত সুন্দর সরেন মণ্ডলের ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সঙ্গে রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের জমি ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজনসহ সুন্দর সরেন মণ্ডলের বাড়িতে হামলা করে।
তারা জমি ও পুকুরের দখল ছেড়ে দেওয়ার জন্য বৃটিশ সরেন ও শৈলেন সরেনকে চাপ প্রয়োগ করে। এতে রাজী না হলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনকে মারধর করা হয়। এ সময় তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
গুরুতর আহত বৃটিশ সরেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, এরপর গভীর রাতে চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বৃটিশ সরেন ও শৈলেশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে সাঁওতাল সহোদরকে মারপিট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
তিনি বলেন, ক্রয় সূত্রে তিনি এই জমি ভোগদখল করে আসছেন। শুক্রবার সকালে তার লোকজন ওই জমিতে মাটি ভরাট করতে যায়। এ সময় সাঁওতাল সম্প্রদায়ের লোকজন বাঁধা দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে বৃটিশ সরেন ও তার লোকজন তাকে লাঞ্ছিত করে।
