গোপালগঞ্জে নকল মেহেদি তৈরির উপকরণ ধ্বংস ও জরিমানা
ঈদকে সামনে রেখে এসব নকল মেহেদি তৈরি ও মজুদ করছিলেন নিরু মিয়া।
ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে নকল মেহেদি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় মেহেদি তৈরির বিপুল উপকরণ ধ্বংস ও কারখানা মালিককে জরিমানা করা হয়েছে।
বুধবার মুকসুদপুর উপজেলার সর্দি গ্রামে মেসার্স নূর কসমেটিকসে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।
শামীম হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নামি-দামি কোম্পানির মোড়ক ব্যবহার করে নকল মেহেদি তৈরির এই কারখানার সন্ধান পাওয়া যায়।
মেসার্স নুর কসমেটিকস নামের ওই কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির মোড়ক, রং, কেমিক্যালসহ নকল মেহেদি তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। ঈদকে সামনে রেখে এসব নকল মেহেদি তৈরি ও মজুদ করে আসছিলেন কারখানা মালিক নিরু মিয়া।
পরে এসব উপকরণ ধ্বংস করে মো. নিরু মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ওই কর্মকর্তা আরও বলেন, ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
