২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছর পুনর্বিন্যস্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অন্তত তিনদিন পর পর বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নের আহ্বান জানান দীপু মনি।

আগামী বছর পুনর্বিন্যস্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 06:14 PM

Updated : 07 Jul 2023, 06:14 PM

আগামী বছর সিলেবাস সংক্ষিপ্তভাবে পুনর্বিন্যাস করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অগাস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না, তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

এ সময় ডেঙ্গু প্রসঙ্গেও শিক্ষামন্ত্রী কথা বলেন। তিনি বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, বাসা-বাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তত তিনদিন পর পর ঘর-বাড়ি পরিষ্কার করতে হবে।

পরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন দীপু মনি।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে সদর উপজেলার যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।