২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় বজ্রপাতে কৃষকসহ ৪ জনের মৃত্যু

সকাল থেকে দুপুরের মধ্যে নওগাঁ, সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহতের এসব ঘটনা ঘটে।

তিন জেলায় বজ্রপাতে কৃষকসহ ৪ জনের মৃত্যু

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 11:36 PM

Updated : 02 Sep 2022, 11:47 PM

দেশের তিন জেলায় বজ্রপাতে তিন কৃষক ও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে নওগাঁর মান্দা-আত্রাই, সুনামগঞ্জ সদর ও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বজ্রপাতে নিহতের এসব ঘটনা ঘটে।

নওগাঁ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, জেলার মান্দা ও আত্রাই উপজেলায় বজ্রপাতে দুইজন কৃষক ও তিনটি গরু মারা যায়। শুক্রবার দুপুরে বজ্রপাতের এ দুটি ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান জানান, শুক্রবার দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বৃষ্টির মধ্যে বাড়ির উঠান থেকে গোয়ালঘরে গরু তোলার সময় বজ্রপাতে এক কৃষক ঘটনাস্থলেই মারা যান।

নিহত মাহিনী মাহন প্রামানিক (৭০) ওই গ্রামের রাহুল চন্দ্র প্রামাণিকের ছেলে। এ সময় বজ্রপাতে তিনটি গরুও মারা যায়।

আত্রাই থানার পরিদর্শক তারেকুর রহমান সরকার জানান, একই সময়ে উপজেলার হাটকালুপাড়া গ্রামে বৃষ্টির মধ্যে জমিতে সার ছিঁটানোর সময় বজ্রপাতে আলাউদ্দিন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

“আলাউদ্দিন ওই গ্রামের গ্রাম পুলিশ নাছের আলীর ছেলে; বজ্রপাত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

সুনামগঞ্জ থেকে প্রতিনিধি জানান, বালু-পাথর তুলতে যাওয়ার সময় জেলার খরচার হাওরে বজ্রপাতে আনোয়ার মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।

নিহত আনোয়ার মিয়া সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উজান সাফেলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, “আমাদের এলাকার বহু শ্রমজীবী মানুষ প্রতিদিন পাশের ফাজিলপুর বালু-পাথর মহালে কাজ করতে যায়। সকালে একটি বারকি নৌকায় করে কয়েকজন শ্রমিক ওই মহালের দিকে রওয়ানা দেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আনোয়ার মিয়া মারা যান। আহত হন অর্জুন দেবনাথ, স্বপন দেবনাথসহ তিন শ্রমিক। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

পরিদর্শক ইখতিয়ার উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে সহযোগিতা দেওয়া হবে।”

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ধানক্ষেতের ঘাস পরিষ্কার করার সময় বজ্রপাতে একজন কৃষক মারা গেছেন; আহত হয়েছেন আরও চারজন।

হরিপুর থানার পরিদর্শক তাজুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত পিয়ার মোহাম্মদ (২৮) হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে প্রয়াত সলেইমান আলীর ছেলে।

গ্রামবাসীর বরাতে পরিদর্শক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের একটি ধান ক্ষেতের ঘাস পরিস্কার করছিলেন আট শ্রমিক। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে পিয়ার মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যান।

“এ সময় আরও চার শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।”

তবে ওই গ্রামে তসলিম উদ্দীনের ছেলে মহসিন আলী (৩০)-কে গুরুতর অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।