২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পথচারীকে চাপা দিয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বলে জানায় পুলিশ।

ভোলায় পথচারীকে চাপা দিয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

ভোলার চরফ্যাশনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া একটি যাত্রীবাহী বাস।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 04:48 PM

Updated : 17 Jul 2023, 05:21 PM

ভোলার চরফ্যাশন উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে এক পথচারীর প্রাণ গেছে; আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী। 

সোমবার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে উপজেলার কাশেমগঞ্জ বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে বলে চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান। 

নিহত ষাটোর্ধ্ব কালু খাঁ ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রায়ত আবুল হোসেনের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি মোরাদ হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আবির এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটি এক পথচারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এতে অন্তত বাসের ২০ যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি মোরাদ হোসেন।