১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় পিঠা মেলায় সব বয়সীদের ভিড়

মেলায় ৩০টি স্টলে নানা রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 12:26 AM

Updated : 20 Jan 2024, 12:26 AM

বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। শহরের শহীদ টিটু মিলনায়তনের ঔপন্যাসিক রোমেনা আফাজ চত্বরে মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ৩০টি স্টলে নানা রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ভোর হলো ও লিটিল থিয়েটারের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিকালের অধিবেশনে ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

মেলায় ছিল পিঠা প্রেমিকদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে মেলায় এসেছেন অনেকেই। পছন্দের পিঠা খাওয়ার উৎসবে মেতে উঠেছেন সবাই।

মেলায় কুশলী মিষ্টি, ঝাল পিঠা, পাটিসাপ্টা, চিতই, ভাপা, দুধ পিঠা, পুলি পিঠা, ফিস বরফি পিঠাসহ অনেক ধরনের পিঠা বিক্রি হচ্ছে। তবে খেজুরের গুড় দিয়ে দুধ পিঠা ও ভাপা পিঠার কদর সবচেয়ে বেশি।

পিঠা বিক্রেতা ইশরাত সাদিয়া ইফা বলেন, “মেলায় অনেক লোকজন আসছেন। বিক্রিও হচ্ছে বেশ। তবে ভালো লাগছে লোকজনের উপস্থিত এবং পিঠা খাওয়ার আগ্রহ দেখে।”

সব পিঠাই বিক্রি হচ্ছে; তবে খেজুর গুড়ের দুধ পিঠা এবং ভাপা পিঠার কদর বেশি বলে জানান স্টল মালিক সাহনাজ পারভীন।

সূত্রাপুরে অদিতি ছেলে-মেয়েদের নিয়ে মেলায় এসেছেন। তিনি বলেন, “চাকরির কারণে বাসায় পিঠা করা হয় না। মেলায় ছেলে-মেয়েদের পিঠা খাওয়াব এবং বাসায় নিয়ে যাব। এমন মেলা যেন আরও বড় পরিসরে হয়।”

বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, “প্রতি বছরই পিঠা মেলার সঙ্গে যুক্ত থাকি এবং উৎসাহিত করি।

“সময়ের প্রয়োজনে বাসায় পিঠা খাওয়া হয়ে ওঠে না। মেলায় এ সুযোগটি হয়। এছাড়া বাঙালির ঐতিহ্য ধরে রাখতে এ মেলার আয়োজন।”