২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জাটকা ধরায় ৩৮ জেলের এক মাসের কারাদণ্ড

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2024, 06:32 PM

Updated : 04 Mar 2024, 06:32 PM

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরায় আটক ৫২ জেলের মধ্যে ৩৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া তিন জনকে দুই হাজার টাকা করে জরিমানা এবং ১১ জন কিশোর হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নিগার সুলতানা ও আসাদুজ্জামান সরকার।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত মেঘনা নদীতে জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় নদীর হরিণা থেকে হাইমচরের মনিপুর, সাহেবগঞ্জ ও চরভৈরবী এলাকায় জাটকা ধরা অবস্থায় ৫২ জেলেকে আটক করা হয়।
জব্দ করা হয় ২০ হাজার মিটার কারেন্ট জাল; যা পরে নির্বাহী হাকিমের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় বলে জানান তিনি।

অভিযানে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মুশফিকুর রহমান ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম সফিকুল ইসলামসহ কোস্ট গার্ড সদস্যরা সহযোগিতা করেন।


জাটকা রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

আগামী দুই মাস এসব এলাকায় জাটকাসহ সকল মাছ ধরা, মজুদ, ক্রয়-বিক্রয়, পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।