পূজার বরাদ্দ ২০০ বস্তা চাল পাচারের অভিযোগে জব্দ, আটক ১
আলফাডাঙ্গা খাদ্য গুদামের সামনে থেকে এই চাল জব্দ করা হয়।
ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় মণ্ডপের জন্য বরাদ্দ ২০০ বস্তা সরকারি চাল পাচারের অভিযোগে জব্দ করা হয়েছে। এ সময় এক নসিমন চালককে আটক করা হয়।
আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, বুধবার রাত সাড়ে ৮টায় আলফাডাঙ্গা খাদ্য গুদামের সামনে থেকে এই চাল জব্দ করা হয়েছে।
নসিমন চালক মো. সোহেলকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
আলফাডাঙ্গা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানকে ফোন দেওয়া হলে তিনি ব্যস্ততা দেখিয়ে কথা বলতে রাজি হননি।
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বলেন, “আমি ঘটনা জানার পর ওসির সাথে কথা বলেছি। ওসি আমাকে জানিয়েছেন আটককৃত সোহেল ওসির নিকট স্বীকার করেছেন তিনি ওই চাল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে ক্রয় করেছেন।”
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন, এ ব্যাপারে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
