১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় খালের পাড় থেকে মোটরসাইকেল চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

মান্নান মাগুরা জেলা শহর থেকে যাত্রী নিয়ে বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতেন। বুধবার রাতেও সেকাজে বেরিয়েছিলেন তিনি।

মাগুরায় খালের পাড় থেকে মোটরসাইকেল চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
মাগুরা শ্রীপুর উপজেলায় নিহত মোটরসাইকেল চালকের স্বজনদের আহাজারি।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

মাগুরা শ্রীপুর উপজেলায় খালের পাড় থেকে এক মোটরসাইকেল চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে টুপিপাড়া মৎস্য ভবনের সামনে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মহম্মদ ইদ্রিস আলী।

নিহত মান্নান মোল্লা ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেল চালক ও রাইড শেয়ারিং কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, মান্নান মাগুরা জেলা শহর থেকে যাত্রী নিয়ে বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতেন। বুধবার রাতেও তিনি যাত্রী পৌঁছে দেওয়ার কাজ করতে বেরিয়েছিলেন। 

তবে রাতে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। পরে ভোরে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। 

ওসি বলেন, খবর পেয়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি হেলমেটও উদ্ধার করা হয়েছে। 

তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।