নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: সারজিস
মানিকগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের আইনগত ভিত্তির দাবি জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, “নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এ নির্বাচন ফেব্রুয়ারিতেও হতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে জুলাই সনদের জন্য আইনগত ভিত্তি প্রদান করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে এবং দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।
“এ ছাড়া নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। এসব নিশ্চিত হলে ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের কোনো সমস্যা হবে না।”
মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিটি ড্রিম কনভেনশন সেন্টারে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস।
এ সময় তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, “নির্বাচন কমিশন ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক বা রাজনৈতিক দল হোক, কারো না কারো দ্বারা প্রভাবিত। কমিশন তাদের স্বাধীনতা-স্বকীয়তা বজায় রাখতে পারছে না। তারা কারো দ্বারা বায়াস হয়ে এনসিপির সঙ্গে বৈষম্য করছে।
“এনসিপির শাপলা পেতে কোনো বাধা নেই। তালিকায় শাপলা অন্তর্ভুক্ত বা বাতিল এটা কমিশনের ব্যাপার। কমিশন যদি স্বেচ্ছাচারিতা করে আমাদেরও রাজপথ বেছে নিতে হবে।”
সারজিস আলম আরও বলেন, “কোনো দলের সঙ্গে নির্বাচনি জোটের বিষয়ে এনসিপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যারা জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়নে কাজ করবে এবং জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের সঙ্গে প্রয়োজনে জোট গঠন করা যেতে পারে।”
