২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে তালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ, পলাতক স্বামী

গৃহবধূর স্বামী রাসেল খান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা।

শেরপুরে তালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ, পলাতক স্বামী

শেরপুরের নকলা উপজেলায় তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 08:37 PM

Updated : 04 Dec 2022, 08:37 PM

শেরপুরের নকলা উপজেলায় তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তার স্বামী। 

রোববার ভোরে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের জানকিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান। 

নিহত শাহনাজ পারভীন (৪০) উপজেলার জানকিপুর গ্রামের বিষু মিয়ার মেয়ে। তার স্বামী রাসেল খান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা। রাসেল স্ত্রীর সঙ্গে জানকিপুর গ্রামেই থাকতেন।  

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নয় বছর আগে জানকিপুর গ্রামের মানিক মিয়ার সঙ্গে শাহনাজের বিয়ে হয়েছিল। প্রায় দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর গাজীপুরে গার্মেন্টসে কাজ নেন শাহনাজ। সেখানে রাসেলের বাড়িতে ভাড়া থাকার সময় দুজনের পরিচয় হয় এবং তারা বিয়ে করেন। পরে স্বামী-স্ত্রী দুজনেই জানকিপুরে গ্রামে এসে বসবাস শুরু করেন। 

ভোর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুনতে পায় স্বজনরা। সকালে শাহনাজের ঘরের দরজা তালাবদ্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। পরে সাড়া না পেয়ে তারা তালা ভেঙে ভেতরে শাহনাজের রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে থাকতে দেখেন। তখন তারা পুলিশে খবর দেন। 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নকলা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া বলেন, “ধারণা করা হচ্ছে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার পর ভোরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাসেল পলাতক রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।“