১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

পথচারীকে চাপা দিয়ে বাস বসতঘ‌রে, আহত ১০

“ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। প‌ড়ে দে‌খি ঘ‌রের ওপর গা‌ড়ির মাথা।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 04:33 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

টাঙ্গাইলের ভূঞাপু‌র উপজেলায় দুটি বা‌স প্রতি‌যো‌গিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি বাস বসতঘ‌রে ঢুকে প‌ড়ে। এতে এক পথচারীর প্রাণ গেছে। আহত হ‌য়ে‌ছেন আরও অন্তত ১০ জন।

বুধবার সকাল সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকার টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কে এ ঘটনা ঘ‌টে বলে ভুঞাপুর থানার ওসি রেজাউল ক‌রিম জানান। 

নিহত ৫৫ বছর বয়সী আব্দুল হা‌লিম কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি কু‌ঠিবয়ড়া বাজার মো‌ড়ে

ম‌নোহ‌রি দোকান চালাতেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ঢাকা থে‌কে তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেল ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মের যাত্রীবা‌হি দুইটি বাস বেপ‌রোয়া গ‌তি‌তে আগে যাওয়ার প্রতি‌যোগিতা ক‌রে।

“কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে থাকা এক পথচারী‌কে চাপা দি‌য়ে বসত ঘ‌রের ওপর প‌ড়ে যায়। ওই পথচারীর মৃত‌্যু হ‌য়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হ‌ন।” 

ঘ‌রের মা‌লিক সোলায়মা‌নের ছে‌লের বউ শার‌মিন আক্তার ব‌লেন, “ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। এ সময় বিকট শব্দ শুনে প্রথমে ভে‌বে‌ছিলাম ঘ‌রের ওপর গাছ প‌ড়ে‌ছে। প‌ড়ে দে‌খি ঘ‌রের ওপর গা‌ড়ির মাথা। এ সময় আমি আট‌কা পড়লে লোকজন এসে আমাকে উদ্ধার ক‌রে।”

 তিনি বলেন, “আমার শিশু সন্তানটা দূরে ছিল বলে দুর্ঘটনা থেকে রক্ষা পে‌য়ে‌ছে। তবে পা‌শের ঘ‌রে আমার শাশু‌ড়ি ছিল; ‌সেই ঘ‌র ভে‌ঙে তিনি আহত হ‌য়ে‌ছেন।” 

শাহীন নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “দুর্ঘটনার সময় বৃ‌ষ্টি শুরু হলে সড়‌কের মো‌ড়ে থাকা ভ‌্যান‌টি প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে দিচ্ছিলেন আব্দুল হা‌লিম।

“এ সময় বাস‌টি তা‌কে চাপা দেয় এবং নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঘ‌রের ওপর উঠে যায়। প‌রে স্থানীয়রা বা‌সের যাত্রী‌দের উদ্ধার ক‌রে।”