১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মায় মাছ ধরতে গিয়ে বরশিতে উঠল কুমির!

“এইটা একটি কুমির এটা নিশ্চিত হয়েছি আমরা। কিন্তু কোন প্রজাতির কুমির, তা আমাদের বিশেষজ্ঞরা না আসলে বলতে পারবো না।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 02:47 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

মাছ ধরার জন্য পদ্মা নদীতে ‘হাজারী বরশি’ ফেলেছিলেন জেলেরা। কিন্তু সেই বরশিতে মাছের বদলে ধরা পড়ল জ্যান্ত কুমির!

সোমবার ভোররাতে ফরিদপুরের চরভদ্রাসনে গোপালপুর ঘাটে জেলেদের বরশিতে কুমিরটি আটকে যায়। সকালে অন্যান্য জেলেদের সহযোগিতায় সেটি ধরে স্থানীয় কাজি বাড়ি ঘাটে আনা হয়।

এদিকে কুমির ধরা পরার খবর শুনে সেখানে ভিড় করে উৎসক জনতা। এ সময় ভিড় সামলাতে হিমশিম খায় স্থানীয় প্রশাসন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) সুরাইয়া মমতাজ বলেন, “কুমিরটির বিষয়ে আমরা বনবিভাগের সঙ্গে কথা বলেছি, তারা এটি উদ্ধার করে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করবে। এখন ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

প্রত্যক্ষদর্শী স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারি ও বিল্লাল খান বলেন, প্রতিদিনের মত তারা নদীতে মাছ ধরার জন্য ‘হাজারী বরশি’ ফেলেন। এক পর্যায়ে কুমিরটি স্বপন ব্যাপারীর বরশির সঙ্গে জড়িয়ে গেলে সবাই মিলে সেটি উদ্ধার করে প্রশাসনের কাছে নিয়ে যান।

এদিকে খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম বলেন, “এইটা একটি কুমির এটা নিশ্চিত হয়েছি আমরা। কিন্তু কোন প্রজাতির কুমির, তা আমাদের বিশেষজ্ঞরা না আসলে বলতে পারবো না।”

তিনি বলেন, “খুলনা থেকে আমাদের টিম রওনা দিয়েছে, তারা আসলে কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেবে এবং তারাই পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।”