ওসি-এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গ্রামীণ ব্যাংক কর্মকর্তার
মামলার বাদী স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত।
ফরিদপুরের সালথা থানার সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন গ্রামীণ ব্যাংকের সাবেক এক কর্মকর্তা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের তিন নম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে মামলাটি করা হয় বলে বাদী পক্ষের আইনজীবী মোহা. মামুন অর রশিদ মামুন জানান।
আসামিরা হলেন- সালথা থানার সাবেক ওসি মো. শেখ সাদিক (৪৫) ও সাবেক এসআই তন্ময় চক্রবর্তী (৩৫)। শেখ সাদিক বর্তমানে ঢাকায় আর তন্ময় চক্রবর্তী ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী মামুন।
তিনি বলেন, মামলার বাদী জেলার সালথা উপজেলার ভাওয়াল গ্রামের বাসিন্দা ও গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান মুন্নু (৬৪)।
মামলার এজাহারে বলা হয়, হাফিজুর রহমান মুন্নু স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত। দুই পুলিশ কর্মকর্তা যোগসাজশে ২০২৩ সালে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ভয়ে ও নিরুপায় হয়ে তাদের পাঁচ লাখ টাকা দেন।
বাদীর দাবি, চাপ প্রয়োগ করলেও বাকি টাকা না দিতে পারায় তাকে বিস্ফোরক আইনের একটি মামলার আসামি করা হয়।
পুলিশের চাঁদা চাওয়া সংক্রান্ত কোনো তথ্য-প্রমাণ আছে কিনা জানতে চাইলে হাফিজুর রহমান মুন্নু বলেন, তার কাছে কোনো ফোন রেকর্ড বা প্রমাণ নেই। কারণ, তার সঙ্গে এ সংক্রান্ত সব কথা হোয়াটসঅ্যাপে বলা হয়ে ছিল। পরিবেশ অনূকূলে না থাকায় মামলাটি করতে বিলম্বিত হয়েছে বলে তিনি জানান।
তবে চাঁদাবাজির মামলার বিষয়টি ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন ওসি শেখ সাদিক।
তিনি বলেন, “আমি কখনোই কারো কাছে থেকে চাঁদাবাজি ও ঘুষ দাবি করিনি। আমি সালথায় শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করে গেছি। আমাকে নিছক হয়রানি করার জন্য এ মামলাটি দায়ের করা হয়েছে। আমি আদালতের কাছে ন্যায়বিচার দাবি করছি।”
মামলার অপর আসামি এসআই তন্ময় চক্রবর্তীও এ মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করেছেন।
