Published : 22 Jul 2026, 08:30 PM
নারায়ণগঞ্জ নগরীতে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ফতুল্লা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে এএসআই মো. শাহ জালাল মামলাটি করেন বলে জানান থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটের দিকে এএসআই শাহ জালালসহ কয়েকজন পুলিশ সদস্য নগরীর চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কাঁচের বোতলে তৈরি পেট্রলবোমা স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে ছুড়ে তল্লা রোডের দিকে পালিয়ে যায়।
পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা স্মৃতিস্তম্ভে মোড়ানো কাপড়ে লাগা আগুন নিভিয়ে ফেলেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাল স্কচ টেপে মোড়ানো এবং সামনের অংশ পোড়া একটি কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে।
ওসি মাহবুব আলম বলেন, “এ ঘটনায় রাব্বি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”
আরও পড়ুন: