Published : 21 Jul 2026, 04:28 PM
নারায়ণগঞ্জ নগরীতে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোররাত ৩টার দিকে চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন।
তিনি বলেন, “ভোররাতের ওই সময় দুর্বৃত্তরা আগুন দিলেও তাদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ।”
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই উদ্বোধন করা হয় দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
এই স্মৃতিস্তম্ভের পর দেশের অন্যান্য জেলাতেও ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়। প্রতিটি স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে শহীদদের নাম সংযুক্ত রয়েছে।
এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনো ব্যক্তি জড়িত কি না জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল বলেন, “আওয়ামী লীগ বা তাদের কেউ জড়িত কি না তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। আমরা দ্রুতই অগ্নিসংযোগকারীদের শনাক্তে কাজ করছি।”
উদ্বোধনের পর থেকেই নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জের এ স্মৃতিস্তম্ভের পাশে ফতুল্লা মডেল থানার অধীনে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ঘটনার সময় ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলে থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগুন নেভাতে পুলিশ সদস্যদের দৌড়ে যেতে দেখা গেছে।
ফতুল্লা থানার ওসি মাহবুব বলেন, “গত ১৬ জুলাই এ স্মৃতিস্তম্ভে প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেন। ওই অনুষ্ঠানের জন্য চারদিকে কাপড়ে মোড়ানো হয়েছিল।
“ভোররাতের দিকে দূর থেকে কাপড়ের ছোট একটি দলায় আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারা হয়। এতে আগুন স্মৃতিস্তম্ভের পাশে থাকা কাপড়ে ধরে যায়। আগুন অল্প ছিল। দ্রুতই তা নেভাতে সক্ষম হন।”
আগুন বেশি দেখাতে ‘এআই প্রযুক্তি’ ব্যবহার করে ভিডিও বানিয়ে তা সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন এ পুলিশ কর্মকর্তা।
তবে আগুন ছুড়েছে কারা বা কতজন ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
বিষয়টি নিয়ে ক্যাম্পে থাকা পুলিশ সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।