২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যা: পুলিশ

হত্যার পর আসামি ঘর থেকে চারটি মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে বাসা থেকে বের হন বলে জানান পুলিশ সুপার।

ধর্ষণে ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যা: পুলিশ
গ্রেপ্তার মো. মোবারক হোসেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 04:36 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার কথিত এক কবিরাজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে মঙ্গলবার দুপুর ২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

সোমবার সকালে নগরের কালিয়াজুরি এলাকায় ‘নেলি কটেজের’ দ্বিতীয় তলায় ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমাইয়া আরফিন (২৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা নগরের সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক প্রয়াত নুরুল ইসলামের মেয়ে। অপর নিহত তাহমিনা আক্তার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী।

সোমবার সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাবার সময় নগরের বাগিচাগাঁও এলাকা থেকে প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মো. মোবারক হোসেন (২৯) দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের প্রয়াত আবদুল জলিলের ছেলে। এ ঘটনায় তাহমিনার বড় ছেলে ফয়সাল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ সুপার নাজির আহমেদ বলেন, “ঝাড়-ফুঁক করার সুবাদে সুমাইয়াদের বাসায় যাতায়াত করতেন মোবারক। রোববার সকাল সাড়ে ৮টায় সুমাইয়াদের ভাড়া বাসায় প্রবেশ করে মোবারক। এর মধ্যে মোবারক তাদের বাসায় ঝাড়-ফুঁক করে পানি ছিটিয়ে বেরিয়ে যান। আবার বেলা সাড়ে ১১টায় ওই বাড়িতে প্রবেশ করেন; যা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে।”

পুলিশ সুপার বলেন, “মোবারক তাদের বাসায় থাকার এক পর্যায়ে সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করেন। এতে বাধা দেন সুমাইয়ার মা তাহমিনা। এতে মোবারক ক্ষুব্ধ হয়ে সুমাইয়াকে এক ঘরে আটকে তাহমিনাকে অন্য একটি কক্ষে নিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেন মোবারক। 

“এরপর সুমাইয়ার কক্ষে গিয়ে তাকে ধর্ষণ চেষ্টা করেন মোবারক। সুমাইয়া প্রতিরোধ করলে তাকেও গলা টিপে হত্যা করা হয়। হত্যার পর মোবারক ঘর থেকে চারটি মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে বাসা থেকে দ্রুত বেরিয়ে যান।”

কেউ ধর্ষণের শিকার হয়েছেন কি-না এমন প্রশ্নের জবাবে নাজির আহমেদ বলেন, “ধর্ষণ হয়েছে কি-না বিষয়টি ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় র‌্যাব ও পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এর মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে মোবারককে গ্রেপ্তার করা হয়। 

সাড়ে তিন বছর আগে ওই বাসা ভাড়া নিয়েছিলেন নুরুল ইসলাম। গত বছর তার মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ: আবারও শিক্ষার্থীদের