Published : 09 Sep 2025, 02:33 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার প্রতিবাদে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে আবারও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১২টা থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।
বিক্ষোভরত লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, “১২ ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের কারণ উন্মোচনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ করছে।”
এর আগে সোমবার মধ্যরাতে কুমিল্লা নগরী ২ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকার ‘নেলি লজ’ নামের একটি তিনতলা ভবনের দোতলার বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা সোমবার বেলা ১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে; যা চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।
পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আগামী ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জানান। নাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা।
এ সময় কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ শিক্ষার্থীদের বলেন, তারা বেশ কয়েকটি সূত্র ধরে কাজ এগিয়ে নিচ্ছেন। পিবিআই, গোয়েন্দা পুলিশ ও র্যাবও তদন্ত শুরু করছে। একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ: শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ১