২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম খরচ-শ্রমে হলুদ চাষ: ভালো লাভের আশায় টাঙ্গাইলের কৃষকরা

জেলায় তিন হাজার ২০৮ হেক্টরে হলুদের আবাদ হয়েছে, তার মধ্যে তিন উপজেলারই ২ হাজার ৭০০ হেক্টরের বেশি জমিতে ফসলটি চাষ হয়েছে।

কম খরচ-শ্রমে হলুদ চাষ: ভালো লাভের আশায় টাঙ্গাইলের কৃষকরা
টাঙ্গাইলের মধুপুরের একটি হলুদের ক্ষেত।

মো. তোফাজ্জল হোসেন

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 11:18 AM

Updated : 26 Aug 2026, 02:19 PM

পাহাড়ি এলাকায় অন্য ফসলের সাথী ফসল হিসেবে কম খরচে হলুদের চাষ করা যায়। বাজারে চাহিদা অনেক, দামও অন্য ফসলের চেয়ে ভাল। তাই টাঙ্গাইলের তিন উপজেলার পাহাড়ি ভূমিতে মসলা জাতীয় এ ফসলের আবাদ দিন দিন বাড়ছে। 

ঘাটাইল, মধুপুর ও সখীপুর উপজেলার কৃষকরা বলছেন, পরিত্যক্ত জমিতেও হলুদ চাষ ভালো হয়। পোকা-মাকড়ের কোনো উপদ্রব নেই, নিয়মিত তেমন পরিচর্যার দরকার হয় না। সব মিলিয়ে হলুদ চাষ অন্য ফসলের চেয়ে অধিক লাভজনক। তাই এ মসলার চাষ করে সুদিনের স্বপ্ন দেখছেন তারা। 

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন বলেন, জেলায় এবার তিন হাজার ২০৮ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। তার মধ্যে তিন উপজেলাতেই ২ হাজার ৭০০ হেক্টরের বেশি জমিতে হলুদ চাষ হয়েছে। 

এর মধ্যে ঘাটাইলে এক হাজার ৪৫৬, মধুপুরে ৯৮০, সখীপুরে ৩৫০ হেক্টর জমিতে হলুদ আবাদ করা হয়েছে। 

এছাড়া মির্জাপুরে ১২৫ হেক্টর, দেলদুয়ারে ৮০, নাগরপুরে ৫০, সদরে ৪৫, গোপালপুরে ৩৭, কালিহাতীতে ৩০, বাসাইলে ২০, ধনবাড়ী ২০ ও ভূঞাপুরে ১৫ হেক্টর জমিতে হলুদ আবাদ করা হয়েছে।

হলুদ চাষের জন্য উর্বর ও জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ভালো। তবে সবচেয়ে উত্তম দোআঁশ ও বেলে দোআঁশ লালমাটি। আর জেলার ঘাটাইল, মধুপুর ও সখীপুর উপজেলার পাহাড়ি অঞ্চলে এ ধরনের লালমাটি বেশি আছে। ফলে এসব এলাকায় হলুদের আবাদ হয়েছে সবচেয়ে বেশি। 

মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষ্মণবাড়ি গ্রামের হলুদ চাষি রেজাউল করিম বলেন, প্রতি বছরের মত এ বছরও সাথী ফসল হিসেবে অন্য ফসলের সঙ্গে বেশিরভাগ উঁচু জমিতে হলুদ চাষ করেছেন। প্রতি বিঘায় সব মিলিয়ে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়েছে।

একই গ্রামের চাষি আক্তার হোসেন বলেন, অন্য ফসলের তুলনায় হলুদ চাষ অনেকাংশে সহজ ও লাভজনক। হলুদে তেমন কোনো রোগবালাই নেই বললেই চলে। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ মণ হলুদ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

আরেক কৃষক নজরুল ইসলাম বলেন, বাজার মূল্য আশানুরূপ পাওয়া গেলে বিঘা প্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভের আশা দেখছেন তারা। 

ভবানীটিকি গ্রামের বাপ্পি বলেন, হলুদ চাষে খুব একটা ঝামেলা পোহাতে হয় না। সার ও কীটনাশকও ব্যবহার করতে হয় খুবই কম। এ ফসলে গরু, ছাগল ও ফসল হানির আশঙ্কাও কম।

তিনি বলেন, হলুদের কন্দ রোপণের পর পরিপক্ব হতে জাতভেদে ৭ থেকে ১০ মাস সময় লাগে। সাধারণত শীতকালে যখন গাছের নিচের পাতা হলুদ হয়ে আসে এবং গাছটি মরে যেতে শুরু করে তখন ফসল তোলার জন্য প্রস্তুত হয়। 

কৃষিবিদদের মতে, হলুদ উষ্ণ, অব-উষ্ণ ও আদ্র জলবায়ুর ফসল। ছায়া, আধোছায়া, বৃষ্টিপাত সমৃদ্ধ পাহাড়ি অঞ্চলে হলুদ জন্মে। তবে প্রখর রোদযুক্ত জায়গায় বেশি কন্দ উৎপন্ন হয়। কম তাপমাত্রায় বা ঠান্ডায় হলুদের বৃদ্ধি কমে যায়। 

হলুদের স্থানীয় জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরিণপালি, আদাগতি, মহিষবাট, পাটনাই, আড়ানী ইত্যাদি। তবে উচ্চফলনশীল ডিমলা ও সিন্দুরী নামে দুটি জাতের হলুদ রয়েছে। 

ডিমলা জাতটি স্থানীয় জাতের তুলনায় ৩ গুণ এবং সিন্দুরী জাতটি স্থানীয় জাতের তুলনায় ২ গুণ ফলন বেশি দেয়। দুটি জাতই লিফ ব্লাইট রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। 

এছাড়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারি হলুদ-৩, বারি হলুদ-৪, বারি হলুদ-৫ জাতের হলুদ চাষ করে কৃষকরা আশানুরূপ ফলন পাচ্ছেন। 

পুষ্টিগুণ সমৃদ্ধ মশলা হিসেবে হলুদ বাঙালি তো বটেই প্রায় গোটা এশিয়ার রান্নাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি উপাদান। রোজকার রান্নায় হলুদ না দিলে তা যেন কেমন অসম্পূর্ণ মনে হয়।

অনেকের কাছে ‘মিরাকল হার্ব বা অলৌকিক ভেষজ’ বলে হলুদে প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি-৬, ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি থাকে এবং কারকিউমিন নামক রাসায়নিক থাকে- যা বিভিন্ন রোগের হাত থেকে মানুষকে বাঁচায়। 

কাঁচা হলুদের অনেক ভেষজ গুণাগুণ আছে। সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খেলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে, খাবার ঠিকমতো হজম হয়। মশলা হিসেবে ব্যবহার ছাড়াও অনেক ধরনের প্রসাধনীর কাজে ও রং শিল্পের কাঁচামাল হিসেবে হলুদ ব্যবহৃত হয়।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা বলেন, উপজেলার জয়নাতলী, ভুটয়া, অরণখোলা, বেরিবাইদ, কুড়াগাছা, মমিনপুর, মির্জাবাড়ি, গাছাবাড়ি এলাকায় এ বছর ৯৮০ হেক্টর জমিতে হলুদের চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১২ হাজার মেট্রিক টন। 

তিনি জানান, গত বছর ৭৬০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছিল। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হলুদ উৎপাদন হয়েছিল। 

তিনি আরও বলেন, কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এ বছর মধুপুরে প্রায় ৫৮ কোটি টাকার হলুদ বিক্রির সম্ভাবনা দেখছেন এ অঞ্চলের কৃষকরা। 

হলুদের কন্দ রোপণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত কৃষি অফিস থেকে নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া প্রতিটি ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের আবাদ দেখভাল করে থাকেন বলেও জানান তিনি। 

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন জানান, বছরব্যাপী ফসল হওয়ায় সাথী ফসল হিসেবে জেলার পাহাড়ি অঞ্চল বা উঁচু এলাকায় হলুদ চাষ করা হয়। 

তিনি বলেন, “এবার জেলায় হলুদের বাম্পার ফলন হওয়ার আশা করা হচ্ছে। অতিবৃষ্টি ও খরাসহ প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এবং বাজারে দাম ভালো থাকলে কৃষকরা লাভবান হবেন।”